পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রকে দিয়ে খাতা দেখানোর ঘটনায় অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।
বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নির্দেশনার পর গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্ত নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
এরই মধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবন দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।





