২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় অনুমোদনহীন বা স্বীকৃতিবিহীন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানার বাধ্যবাধকতা দেয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে, এবার একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে- সে সর্ম্পকে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোনো ছাত্র বা ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না। আবার বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছাড়পত্রের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাও যাবে না।
ছাড়পত্রের (টিসি) মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
এ ছাড়া অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের স্থাপনের অনুমতি থাকলেও পাঠদানের প্রাথমিক অনুমতি না থাকলে সেই প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানেও অনুমোদিত ক্যাম্পাস বা শাখার বাইরে এবং অনুমোদিত নয়—এমন কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তির ক্ষেত্রে নীতিমালার কোনো বিধান লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল করা হবে। সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





