ঢাকা | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,২৯ শ্রাবণ ১৪৩৩

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতার নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুর ও ডোবা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব পুকুরে সাঁতার কাটা ও পানিতে নামাও নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ করলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুয়েট ক্যাম্পাসে বর্তমানে পুকুর রয়েছে দুটি। এ ছাড়া একাধিক ডোবা রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হলো। গতকাল বুধবার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত আর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।