ঢাকা | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩

প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সব ছাত্রসংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনটি সেই কর্মসূচি থেকে বিরত থাকে।

এতে আরও বলা হয়, প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি ছাত্রসংগঠনের কিছু নেতাকর্মী কর্মসূচি পালনের চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পরিপন্থী বলে দাবি করেছে ছাত্রদল।

স্মারকলিপিতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত সব ছাত্রসংগঠনের ক্ষেত্রে সমানভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়ে বলা হয়, যদি কোনো একটি সংগঠনকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে অন্য সংগঠনগুলোকেও একই সুযোগ দিতে হবে।