ঢাকা | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

ঢাবিতে সাময়িক বহিষ্কার জবির সাবেক উপাচার্য সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলন দমন, আন্দোলনের বিরোধিতা এবং তৎকালীন প্রশাসনিক ভূমিকা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সিন্ডিকেট এই সুপারিশ অনুমোদন করে।

সিন্ডিকেট সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে প্রাথমিকভাবে আমলে নিয়েই স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক ড. সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। এর আগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের ৩০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তিনি ১৪ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা কার্যক্রমে ফিরে যান।

একই সিন্ডিকেট সভায় আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলীকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার) এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ভিত্তিতেই অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত এখনই চূড়ান্ত বহিষ্কার নয়; বরং স্থায়ী বহিষ্কারের সুপারিশ, যার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।