ঠাকুরগাঁওয়ের নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: শাহনুর আলম। গত ২৬ জুলাই ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “ঠাকুরগাঁওয়ে ভুঁইফোড় শিক্ষাপ্রতিষ্ঠান, অস্তিত্ব নেই, তবুও মিলছে উপবৃত্তি” শিরোনামের মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধান শিক্ষক জানান, আমাদের মাদ্রাসা ১৯৮১ সাল থেকে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারি সকল নিয়ম-নীতি মেনে আমরা অনুদানভুক্ত হয়েছি এবং যোগ্য শিক্ষার্থীরাই নিয়ম অনুযায়ী উপবৃত্তি পেয়ে থাকে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের পূর্বে সাংবাদিক আমাদের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেননি বা কোনো তথ্য যাচাই করেননি। এ ধরনের ভিত্তিহীন সংবাদের কারণে ১১৫ জন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষক মো: শাহনুর আলম জানান, দৈনিক যুগান্তরের ঢাকা অফিসে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি। ৭ দিনের মধ্যে যদি ভুল সংবাদটি প্রত্যাহার ও প্রতিবাদলিপি প্রকাশ না করে তবে আমাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষায় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।





