ঢাকা | রবিবার, ১২ জুলাই ২০২৬,২৮ আষাঢ় ১৪৩৩

টিএসসি সংস্কারে জকসুর চার দফা প্রস্তাব, দ্রুত বাস্তবায়নের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বার্থকে সামনে রেখে টিএসসি সংস্কার কার্যক্রমে চার দফা প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল টিএসসি গড়ে তুলতে এসব প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১১ জুলাই) জকসুর ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান জকসুর নেতৃবৃন্দরা।

জকসুর পক্ষ থেকে টিএসসি সংস্কারের জন্য দেওয়া চার দফা প্রস্তাব হলো
১. উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সবার উপস্থিতিতে টিএসসির দোকান বরাদ্দ দিতে হবে।
২. দোকান বরাদ্দের আগেই বিক্রয়যোগ্য পণ্যের মূল্য লিখিতভাবে নির্ধারণ করতে হবে।
৩. চলতি মাসের মধ্যেই টিএসসি সংস্কারকাজ সম্পন্ন করতে হবে।
৪. টিএসসির জমি দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয় করতে হবে।

জকসু নেতারা বলেন, টিএসসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র। তাই এর সংস্কার ও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, টিএসসি সংস্কার কার্যক্রম যেন কোনো ধরনের অনিয়ম বা দীর্ঘসূত্রিতার শিকার না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব টিএসসি নিশ্চিত করতে জকসুর চার দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।