এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। অবরোধের কারণে সড়কের দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা একটি মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় যান এবং ঢাকা-পিরোজপুর মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ কর্মসূচি চলে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ওই কেন্দ্রের শিক্ষকরা বিভিন্ন সময় পরীক্ষার্থীদের সাথে অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো বেসরকারি স্কুল বা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক নন। তাদের নিজস্ব কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও একটি বেসরকারি কেন্দ্রের শিক্ষকদের এমন আচরণ তারা মেনে নেবেন না। এ সময় যেকোনো সরকারি কলেজকে তাদের নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।
খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনা হয় এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, ‘যেহেতু আগামী মাসেই পরীক্ষা, তাই এই মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা বেশ জটিল বিষয়। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি যে তারা যে বিষয়ে আশঙ্কাবোধ করছে, তেমন কিছুর কারণ নেই আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে তাদের দাবিটি বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন করা যায় কি না, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে পড়ার টেবিলে ফিরে গেছে।’
ওসি খন্দকার আইয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন।







