ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবিপ্রবি অধ্যাপকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. প্রীতম কুমার দাসের নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, বর্তমানে উচ্চতর গবেষণার কাজে পোল্যান্ডে অবস্থান করছেন অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। তিনি দীর্ঘদিন ধরে “Pretam Kumar Das” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন। সম্প্রতি একটি প্রতারক চক্র তার নাম, ছবি এবং পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে একটি ফেক ফেসবুক আইডি খুলে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ শুরু করে।

অভিযোগে বলা হয়েছে, প্রতারকরা অধ্যাপক প্রীতম কুমার দাসের পরিচয়ে তার বন্ধু ও স্বজনদের কাছে জরুরি প্রয়োজনে টাকা চেয়ে বার্তা পাঠাচ্ছে। বিশেষ করে বিমান টিকিট কনফার্মের অজুহাত দেখিয়ে বিকাশে টাকা পাঠাতে বলা হচ্ছে। ইতোমধ্যে তার এক বন্ধু প্রতারণার শিকার হয়ে টাকা পাঠিয়েছেন বলেও জানা গেছে।

বিষয়টি নজরে আসার পর অধ্যাপক ড. প্রীতম কুমার দাস তার মূল ফেসবুক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তার স্ত্রী পাবনা সদর থানায় জিডি করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তার নাম ও ছবি ব্যবহার করে ধর্মীয়, রাজনৈতিক কিংবা রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডও চালানো হতে পারে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

অধ্যাপক ড. প্রীতম কুমার দাস সবার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে জানান, “Pretam Kumar Das” (https://www.facebook.com/pretam.das.7/) নামের তার মূল ফেসবুক আইডি ছাড়া অন্য কোনো আইডি তার নয়। ভুয়া আইডি থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগে সাড়া না দেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।