মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের ক্রিকেট ম্যাচ।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ এ খেলার আয়োজন করে।
ম্যাচটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এবিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম লিটন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রথমবারের মতো নারীদের ক্রিকেট ম্যাচ আয়োজনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে গ্যালারিতে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
ম্যাচে অংশ নেওয়া দুটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. এবিএম শহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি অত্যন্ত চমৎকার ও অনুপ্রেরণাদায়ক একটি উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ক্যাম্পাসের জেন্ডার সমতা ও ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি প্রতি বছরই এমন আয়োজন করা হবে।”
একজন খেলোয়াড় বলেন, “মাভাবিপ্রবির মাঠে আমরা মেয়েরা ক্রিকেট খেলছি, এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বেশি নারী শিক্ষার্থী খেলাধুলায় যুক্ত হবে বলে আশা করি।”
শিক্ষার্থীরা মনে করছেন, এই আয়োজন মাভাবিপ্রবির ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা।






