ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

সিগারেট খেতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে জুনিয়রের মারধর

সিগারেট ধরাতে নিষেধ করার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে জুনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়।

রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সিনিয়র শাওন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জুনিয়র একই ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ। তিনি ২০২৩-২৪ সেশনে পড়েন। তিনিও ছাত্রদল কর্মী।

প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার উপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসে ছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, দুজনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্যজনকে মেরেছে। ঘটনাস্থলেই এক বহিরাগতকে আটক করা হয়। প্রক্টরিয়াল টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।