ঢাকা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,১২ বৈশাখ ১৪৩৩

ঢাবির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিক সংগঠনগুলো। এসময় তারা এই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এমনকি থানার ভেতরে এই হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। অন্যরাও একই পথে চললে ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে। সত্যের পক্ষে সাংবাদিকদের কলম কখনো থামবে না। হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।