ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই : আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পার্লামেন্টে গতকাল ‘বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট’ কীভাবে নিরসন করা যায় সেটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজনকে দিয়ে সেই কমিটি গঠন করেছি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কেমন দক্ষিণ-পশ্চিম অঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি, রক্তপাত থাকবেই। রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই। আমাদের চিন্তার ঐক্য ও ভাবনা এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। এই অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো।

উন্নয়ন সংলাপটির আয়োজন করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম। সংগঠনটির সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন। প্রথম ক্যাবিনেটে প্রায় ১১ লক্ষ কৃষকের ১ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছি। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই ৩৮ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। কৃষি কার্ড উদ্বোধন করেছি এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি।