চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিংয়ের নিম্নমানের পাউরুটি সরবরাহের অভিযোগে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির খাবার বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম রাজনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দেয়া হয়েছে।
Mgi group (300×250)
বুধবার দুপুরে সদর উপজেলার ১ নং শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে ব্যথা অনুভূত হলে দ্রুত বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।
পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদের ওই পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে এবং অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন।
ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হলে প্রশাসনের দৃষ্টিগোচর হলে বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে এবং প্রাথমিকভাবে নিম্নমানের খাদ্য সরবরাহের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে।






