ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য দ্রুত বৈধ সিট বরাদ্দ এবং পরবর্তী সেশনের ক্লাস শুরুর আগেই আবাসন নিশ্চিত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন নবীন শিক্ষার্থীরা।
আজ (সোমবার) সকাল ৮টা থেকে মধুর ক্যান্টিনের সামনে এ কর্মসূচি শুরু হয়, চলবে বিকেল ৬টা পর্যন্ত।
বেলা সাড়ে ১১টার দিকে ২০২৫-২৬ সেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাকিবুল ইসলাম নকিব সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমাদের আসার এক সপ্তাহ হয়ে গেছে। এখনো হলে থাকতে পারছি না, ফলে পড়াশোনাও ঠিকভাবে করা যাচ্ছে না। যাতায়াতে প্রচুর সময় নষ্ট হচ্ছে, বাইরে থাকার কারণে খাবার ও নিরাপত্তা দুই দিক থেকেই কষ্ট হচ্ছে। মূলত ২০২৫-২৬ সেশনের সব শিক্ষার্থীর জন্য দ্রুত বৈধ সিট প্রদান এবং পরবর্তী সেশনের ক্লাস শুরুর আগেই সিট নিশ্চিত করার দাবিতে আমরা আজ গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি।”
তিনি আরও বলেন, “আমাদের ক্লাসগুলোতে ১৫ থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকতে পারছে না। এর প্রধান কারণ হলো, এখনো হলগুলোতে সিট বরাদ্দ দেওয়া হয়নি। অনেক শিক্ষার্থী বাইরে বিভিন্ন মেসে কিংবা বাসায় থেকে পড়াশোনা করছে। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে। অনেকেই গ্রাম থেকে এসেছে, ঢাকা শহর ভালোভাবে চেনে না। ফলে তারা নানামুখী ভোগান্তির শিকার হচ্ছে।”
নাকিব জানান, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ বা স্মারকলিপি দেওয়া হয়নি। তবে গণস্বাক্ষর কর্মসূচিতে প্রথম দুই ঘণ্টাতেই প্রায় ১,৩০০ থেকে ১,৪০০ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, “আমরা পূর্ণ সমর্থন নিয়ে উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি দেবো। যদি আমাদের দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি নিতে বাধ্য হবো।”






