ঢাকা | সোমবার, ২০ এপ্রিল ২০২৬,৭ বৈশাখ ১৪৩৩

ক্যাম্পাসে ফেরার পথে চবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের অতর্কিত হামলার ঘটনা আবারও ঘটেছে। এতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শহিদ ফরহাদ হোসেন হল সংসদ সদস্য জাহিন আবির, আলিমূল শামীম এবং আশিকুর রহমান। গুরুতর আহত জাহিন আবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর আশিকুর রহমানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিয়া হোটেলে খাবার শেষে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাতজন শিক্ষার্থী ৩ নম্বর বাসে উঠছিলেন। এ সময় তাদের মধ্যে কিছুটা কথাবার্তা ও চিৎকার হলে স্থানীয় এক ব্যক্তি এর কারণ জানতে চান। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জাহিন আবির ঘটনা ধারণের জন্য ক্যামেরা বের করলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে কাঠ দিয়ে আঘাত করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িতদের একজন হিসেবে মোহাম্মদ ইমনের নাম জানা গেছে, যার বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় ফকিরাহাট এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। এর আগেও এ ধরনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে, আমাদের কিছু সময় দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ আবুল কাশেম জানান, জাহিন আবিরের বাম হাতের উপরের অংশে আঘাত লাগায় তার এক্স-রে প্রয়োজন হয় এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশিকুর রহমানের ঘাড় ও হাতে আঘাত রয়েছে, তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।