ঢাকা | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,৫ বৈশাখ ১৪৩৩

তুরস্কের টোগু’র ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির আবেদন শুরু ২৬ এপ্রিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে তুরস্কের তোকাত গাজীওসমানপাশা বিশ্ববিদ্যালয় (ট্যুগু)-এর ভিজিটিং স্কলার প্রোগ্রাম (ভিএসপি)-এ অংশগ্রহণের জন্য শিক্ষক, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুবির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এম ও ইউ)-এর আওতায় এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষক মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা। প্রোগ্রামটি আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের মেয়াদ ন্যূনতম ১ সপ্তাহ থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীদের আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের ট্যুগু ভিএসপি এপ্লিকেশন ফর্ম( TOGU VSP Application Form) পূরণ করে জীবনবৃত্তান্ত (সিভি) সহ info@cou.ac.bd ঠিকানায় পিডিএফ ফাইল করে পাঠাতে হবে। ফাইলের নাম নির্ধারিত ফরম্যাটে সংরক্ষণ করতে হবে।

এছাড়া, আবেদনের হার্ড কপি ২৬ এপ্রিলের মধ্যে কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হার্ড কপি জমা দেওয়ার ঠিকানা হিসেবে ট্রেজারার দপ্তরে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মোহাম্মদ অলি উল্লাহ শেখের নাম উল্লেখ করা হয়েছে।