হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন রুকুনুর জামান রুকু (এফ ই-২২), রিজভী (সি ই-২২), মোঃ মাসুদ রানা (ইসিএন-২১),পারভেজ,জিহাদসহ আরও অনেকে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্রমবর্ধমান শিক্ষার্থীসংখ্যার তুলনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও সুযোগ-সুবিধা বর্তমানে সামান্য। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে দ্রুত জমি অধিগ্রহণ এবং আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন। শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নতুন আবাসিক হল নির্মাণ। শিক্ষার মান বজায় রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ। গবেষণা খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি এবং আধুনিক ল্যাব স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা পরিবেশ নিশ্চিত করা।শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন।





