“ফেসবুকে বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, আমাকে নিয়ে ট্রল করে। এই বট বাহিনী কী যে শুরু করছে আমাকে নিয়ে। আমি নাকি পরীক্ষার রুটিন দিবো পরীক্ষার দিন, এসব অপপ্রচার চালায়।” আজ শুক্রবার (১৭ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই কথা বলেন। তিনি আরও বলেন, “বললাম এইবার জিরো পাস করলেও এমপিও বাতিল হবেনা। বট বাহিনী লিখে দিলো এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকেই দেশ চালায়।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও বিভিন্ন সহায়ক সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। এদের মধ্যে রয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের একাধিক সদস্যও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । তাঁদের মধ্যে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মো. মনজুরুল ইসলাম মঞ্জু এবং হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আই ওয়ান্ট টু সি এভরিথিং। প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে সেটা দেখার জন্য আমি মন্ত্রণালয়ে সেল বানাচ্ছি। ইউজিসির রিপোর্ট ও আমি নিবো, আমার রিপোর্ট ও থাকবে।”
এ সময় তিনি আরও বলেন, “আমাদের জনসংখ্যার অভাব নেই। আমাদের ছাত্রছাত্রীর অভাব নেই। সুতরাং, বিশ্বের অনান্য দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অভাব। আমাদের সেই অভাব নেই। বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে আমাদের কোনো বাধা নেই। বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পরলে ভবিষ্যৎ অন্ধকার।”
মন্ত্রী আরও বলেন, “সরকার বাজেটের কথা বলেছে আমি সেটা নিতে পারছি না। আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটির ভিসি এডুকেশনাল কোয়ালিটি কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই খাতে একটি টাকাও চেয়েছে। আমার কাছে তো চাইতে হবে। সব সেই পুরোনো দিনের কথা শুধু বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল।




