ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিপ্রবিতে ৭ দাবি ঘিরে শিক্ষকদের হাতাহাতি

উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ৭ দফা দাবিতে প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি, ছাত্র সংগঠনগুলোর আপত্তি, সাধারণ শিক্ষার্থীদের দ্বারা ব্যানার অপসারণ এবং পরবর্তীতে আলোচনার বৈঠকে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)।

​রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। তবে বিকেলে উপ-উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও আলোচনার টেবিলে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে বিঘ্ন ঘটে ক্লাস পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় ডিপিপি (DPP) প্রকল্পের নামে কালক্ষেপণ, অর্থ অপচয় ও অনিয়ম চলছে। এছাড়া নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, প্রশাসনিক বৈষম্য এবং তড়িঘড়ি করে সিন্ডিকেট সভা আহ্বানের মাধ্যমে অনিয়মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাদের।

​আন্দোলকারী একজন ড. আল মামুন সরকার অভিযোগ করে বলেন, ‘‘৫ আগস্টের পর আমাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল, যা পরে অযৌক্তিকভাবে কেড়ে নিয়ে আমাকে বরখাস্ত করা হয়। আমরা এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’’

আরেক আন্দোলনকারী ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, “বিশ্ববিদ্যালয়কে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে পরিচালিত করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

আন্দোলনকারীদের ব্যানারে শিক্ষার্থীদের নাম ব্যবহার করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে এসে আন্দোলনকারীদের টানানো ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

​এছাড়া ব্যানারে ছাত্রদল, ছাত্রশিবিরের নাম জড়িয়ে একটি দফায় বলা হয় ‘ভিসি ও প্রো-ভিসি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছেন ৷’ কিন্তু এমন অভিযোগে সংগঠন দুটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা স্পষ্ট জানান, এই আন্দোলনের সাথে যেমন তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং ভিসি প্রো-ভিসির বিরুদ্ধে আনীত দাবিটি সম্পন্ন ভিত্তিহীন।

​ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুবর্ণা আক্তার বলেন, ‘‘সকালে এসে দেখি প্রশাসনিক ভবনে তালা। ক্লাস হবে কি না, তার কোনো নির্দেশনা নেই। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’’ অন্যদিকে আন্দোলনে কারণে পরিক্ষায় অংশ নিতে বিলম্ব হয় একটি বিভাগের পরীক্ষার্থীদের।
​
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে ক্যাম্পাসে উপস্থিত হন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন। তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ফেলে শিক্ষার্থীরা ৷ পরে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি আদায়ের আশ্বাস দিলে সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয় আন্দোলনকারীরা।

শেষ হয়নি নাটকীয়তা; পরে উপাচার্যের সভাকক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন উপ-উপাচার্য। আলোচনা চলাকালে এক শিক্ষার্থীর মন্তব্যের জেরে উত্তেজিত হয়ে উপ-উপাচার্যের সামনেই টেবিলে স্ব জোরে থাপ্পড় দেন আন্দোলনকারী শিক্ষক ড. আল মামুন সরকার। একপর্যায়ে তিনি তাকে নিবৃত্ত করার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রহলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী ও সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের শান্ত করেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, উপাচার্য ও উপ-উপাচার্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বর্তমানে পরিস্থিতি শান্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রত্যেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।