দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে সেখান থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মুক্ত বাংলা’র সামনে সমবেত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য মুক্ত বাংলার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। পরে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষক সংগঠন, সমিতি, হল, বিভাগ ও ছাত্র সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের অংশগ্রহণে ভলিবল ও দড়ি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে জিমনেসিয়ামে ছাত্রী হলসমূহের মধ্যে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহিলা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ক্রিকেট মাঠে সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়।





