কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও একদল শিক্ষার্থীর মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে এ হট্টগোল সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা আয়োজক কমিটি ও শিক্ষকদের সামনে শিক্ষার্থীদের একাংশকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর বিজয় দিবসসহ অন্যান্য জাতীয় দিবসে নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল, বিভাগ, নিবন্ধিত সংগঠন এবং সবশেষে অনিবন্ধিত ও অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে থাকে।
তবে এবার বিভাগগুলোর পুষ্পস্তবক অর্পণের পর নিবন্ধিত সংগঠনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাখা ছাত্রদলকে পুষ্পস্তবক অর্পণের ঘোষণা দিলে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ আয়োজক কমিটি নিকট এর কারণ জানতে চাইলে এ হট্টগোলের সৃষ্টি হয়।

এসময় ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম-আহ্বায়ক আবুল বাসার, আতিকুর রহমান, আহ্বায়ক সদস্য মোতাসিম বিল্লাহ পাটওয়ারী রিফাতসহ অন্যান্য নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মারতে তেড়ে আসে এবং স্লোগান সাথে সাথে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তীতে শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয় আইন ও ১০০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রশাসনের উপস্থিতিতে স্লোগান দিয়ে একটি ছাত্র রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া হট্টগোল এখনো চলমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নিবন্ধিত সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেনি। এ বিষয়ে সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষকরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।





