ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মাত্রা নির্ধারণে সাত সদস্যের রিভিউ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই কমিটি নতুন অভিযোগও গ্রহণ করতে পারবে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। তিনি রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যপক ড. আবু সিনা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক বলেন, আমি অফিসিয়ালি কিছু জানি না। আমাকে এক সিনিয়র অধ্যাপক কমিটিতে রাখার বিষয়ে অনুরোধ করেছিলেন। আমি বলেছিলাম, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। হয়তো দায়িত্ব পালন করতে পারবো না।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অনেকের সঙ্গে কথা বলেই কমিটি করা হয়েছে। কেউ দায়িত্ব নিতে না চাইলে বা পদত্যাগ করলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে।
এরআগে জুলাই-আগস্ট বিপ্লববিরোধী কার্যকলাপে জড়িতদের শনাক্তে প্রশাসনের গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ৩০ অক্টোবর ২৭১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ জন ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে নিয়মিতদের বহিষ্কার এবং একাডেমিক কার্যক্রম সম্পন্ন হওয়াদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া তাদের শাস্তি নির্ধারণে রিভিউ কমিটি গঠনে উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়। তবে এর মধ্যে ১০ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






