জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ বছরের এক স্কুলছাত্রীকে বই ও চকলেট দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম উল বাশারের (৪০) এর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পলাতক রয়েছেন ওই শিক্ষক।এ ঘটনায় আজ (২৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষকে দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বই ও চকলেট কিনে দেয়ার প্রলোভনে শিক্ষক শিশুটিকে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। পরে শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওইদিন রাতেই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
এদিকে স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীরা বুধবার (২৯ অক্টোবর) দুপুরে দোষী শিক্ষককে দ্রুত গ্রেফতার করার দাবিতে মানববন্ধন আয়োজন করে। এ সময় তারা, শিশুদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একইসাথে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান জানিয়েছেন, শিক্ষকের বাড়ি চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায়। ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে আরও এক শিশুর সঙ্গে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।





