ঢাকা | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩

ইচ্ছে থাকলেই রাজনীতিকে মহান পেশায় উন্নীত করা সম্ভব

রাজনীতি—একটি অদ্ভুত ও বৈপরীত্যে ভরা পেশা। এখানে ক্ষমতা যেমন মানুষকে সম্মান, প্রভাব ও মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দেয়, তেমনি ক্ষমতা হারালে নেমে আসতে পারে অপমান, অবহেলা ও নানা ধরনের হয়রানি। রাজনীতির এই বাস্তবতাগুলো কখনো কঠিন, কখনো বেদনাদায়ক। তবুও রাজনীতি হতে পারে একটি মহান পেশা—যদি থাকে সততা, নীতি, সংযম এবং মানুষের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা।

রাজনীতি এমন এক পেশা—

  • যেখানে ক্ষমতায় থাকা অবস্থাতেই ক্ষমতা হারানোর পর কীভাবে নিরাপদে থাকা যাবে, সেই পথ খুঁজে রাখতে হয়।
  • যেখানে মান-ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বেইজ্জতির আশঙ্কা যেন শতভাগ নিশ্চিত।
    যেখানে যুগের পর যুগ ক্ষমতায় থাকার পরও ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর পদে পদে অপমান, অপদস্থতা ও হয়রানির শিকার হতে হয়।
  • যেখানে নিজে সৎ থাকার চেষ্টা করলেও শুধুমাত্র দলীয় হিংসা, রাজনৈতিক প্রতিহিংসা ও কোন্দলের কারণে ক্ষমতা হারানোর পর অন্য অসৎ রাজনীতিবিদদের মতোই অপমান-অপদস্থতার মুখোমুখি হতে হয়।
  • যেখানে ক্ষমতায় থাকলে চারপাশে মানুষের অভাব হয় না; অথচ ক্ষমতা না থাকলে অনেক সময় নিজের আপনজনেরাও দূরে সরে যায়।
  • যেখানে নিজের ইচ্ছা ও চেষ্টা থাকা সত্ত্বেও সবসময় পুরোপুরি সৎ ও নীতির পথে থাকা কঠিন হয়ে পড়ে।
  • যেখানে মিথ্যা বলা ও সত্যকে আড়াল করা ধীরে ধীরে একধরনের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হতে পারে।
  • যেখানে লোভ ও ব্যক্তিগত স্বার্থকে সংযত রাখা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
  • যেখানে ক্ষমতার প্রভাব পরিবারের অনেক সদস্যকেও দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে।
  • যেখানে ক্ষমতার মোহ অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
  • যেখানে আনন্দ ও প্রাপ্তির চেয়ে ত্যাগ, কষ্ট ও ঝুঁকির পরিমাণও কম নয়।
  • যেখানে ক্ষমতা পাওয়ার পর অনেক রাজনীতিবিদ অতীতের দিন, সংগ্রাম, সহযোদ্ধা ও মানুষের অবদানের কথা বেমালুম ভুলে যান।
  • যেখানে ক্ষমতার মসনদ আর কারাগারের দূরত্ব অনেক সময় খুবই সামান্য হয়ে যায়।

তবুও রাজনীতি একটি মহান পেশা হতে পারে।

ছবি: মো. কাওছার আলম চৌধুরী

কারণ, রাজনীতি মানেই শুধু ক্ষমতা, পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়। রাজনীতি মানুষের জন্য কাজ করার সবচেয়ে বড় ক্ষেত্রগুলোর একটি। একজন রাজনীতিবিদ চাইলে সততা, ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমকে নিজের রাজনৈতিক আদর্শের ভিত্তি করে তুলতে পারেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার সুযোগ রাজনীতির মধ্যেই সবচেয়ে বেশি।

তাই রাজনীতিকে দোষারোপ করার আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। প্রয়োজন এমন রাজনীতির, যেখানে ক্ষমতা হবে সেবার মাধ্যম, সম্পদ বা প্রতিশোধের হাতিয়ার নয়।

ইচ্ছা থাকলে রাজনীতিকে শুধু একটি পেশা নয়, মানুষের সেবা ও দেশ গড়ার এক মহান দায়িত্বে পরিণত করা সম্ভব।

মো. কাওছার আলম চৌধুরী, কবি, লেখক ও স্বাধীন সাংবাদিক