ঢাকা | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩

জবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির নেতৃত্বে সুজন ও প্রসূন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (JnURHSS)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি ১১ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মিয়া এবং সাধারণ সম্পাদক ফিন্যান্স বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রসূন দাশ গুপ্ত।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মডারেটর মো. মাহমুদুল হাসান মিল্টন নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও নতুন উপদেষ্টা প্যানেলের অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি সুজন মিয়া বলেন, “গবেষণা ও উদ্ভাবনই একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষের মূল ভিত্তি। JnURHSS-এর প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে মৌলিক গবেষণার আগ্রহ সৃষ্টি করা এবং তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় সম্পৃক্ত করা। নতুন এই মেয়াদে আমরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নে কাজ করব।”

সাধারণ সম্পাদক প্রসূন দাশ গুপ্ত বলেন, “শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গুণগত গবেষণা পদ্ধতি আয়ত্তে আনা, আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশে উৎসাহ দেওয়া এবং উচ্চশিক্ষায় স্কলারশিপ অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানই আমাদের অঙ্গীকার। সদস্য, উপদেষ্টা ও শিক্ষকদের সম্মিলিত সহযোগিতায় JnURHSS-কে একটি শক্তিশালী ও সমৃদ্ধ একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশিকা খানম (ভূগোল ও পরিবেশ বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার জুবায়ের (পরিসংখ্যান বিভাগ), কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম টুটুল (পরিসংখ্যান বিভাগ), সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ (ফিন্যান্স বিভাগ), প্রকাশনা সম্পাদক জোবায়দা আক্তার জুথী (রসায়ন বিভাগ), গ্রাফিক্স অ্যান্ড ক্রিয়েটিভ কনটেন্ট এডিটর আহমেদ রাফিদ (গণিত বিভাগ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজেনা রহমান নেহা (ভূগোল ও পরিবেশ বিভাগ), অমৃতা অপু (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ) এবং ফাহিম হাবিব (ফার্মেসি বিভাগ)।

নবগঠিত কমিটি গবেষণা সংস্কৃতি বিকাশ, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং স্কলারশিপ বিষয়ে শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।