বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন। এরমধ্যে বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে নিজেকে সফল মনে করেন তিনি। এগিয়ে রাখছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এমনকি মাশরাফির চেয়েও।
সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অলটাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’
পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও বলেন, ‘আবারো, রেকর্ডের দিক দিয়ে আমি।’
সঞ্চালক লিটনের এত আত্মবিশ্বাস দেখে একপর্যায়ে বলেন, এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারো লিটনের জবাব- ‘আমি।’
বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন তিনি বলেন, ‘ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’
এরপর মুশফিক রহিম ও খালেদ মাহমুদ সুজনের সাথে তুলনায়ও লিটন নিজের নামই নিয়েছেন।







