ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

বাড়তি খরচের মুখে বিশ্বকাপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি দেশ

এবারের বিশ্বকাপে অতিরিক্ত খরচ ও সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি দেশ। এর প্রধান কারণ, মার্কিন সরকারের সঙ্গে সামগ্রিক কর ছাড় চুক্তিতে ব্যর্থ হয়েছে ফিফা। আরেকটি কারণ হলো- বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নানান কর চুক্তি।

ফিফা একটি অলাভজনক সংস্থা হিসেবে ১৯৯৪ সালের বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রে করমুক্ত সুবিধা পেয়ে আসছে। তবে এই সুবিধা অংশগ্রহণকারী ৪৮টি দেশের সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে জাতীয় ফুটবল সংস্থাগুলোকে টুর্নামেন্ট থেকে প্রাপ্ত আয়ের ওপর ফেডারেল, অঙ্গরাজ্য ও সিটি পর্যায়ের কর দিতে হবে।

বিশেষ করে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ নেই, সেসব দেশের ওপর করের বোঝা তুলনামূলক বেশি পড়বে। ৪৮টি দলের মধ্যে মাত্র ১৮টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন চুক্তি রয়েছে, যার অধিকাংশই ইউরোপীয় দেশ। ইউরোপের বাইরে অস্ট্রেলিয়া, মিশর, মরক্কো ও দক্ষিণ আফ্রিকা এই সুবিধা পায়। সহ-আয়োজক কানাডা ও মেক্সিকোকেও এই তালিকায় ধরা হয়েছে।

ফলে কুরাসাও ও কেপ ভার্দের মতো ছোট দেশগুলোকে ইংল্যান্ড বা ফ্রান্সের মতো দেশের তুলনায় বেশি কর দিতে হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের আইনে খেলোয়াড় ও শিল্পীদের আয় করমুক্ত নয়। ফলে খেলোয়াড়দের আয়ের ওপর কর দিতে হবে, যদিও কোচ ও সহকারী স্টাফদের ক্ষেত্রে কিছু ছাড় প্রযোজ্য।

এর আগে ফেব্রুয়ারিতে জানা যায়, উচ্চ ব্যয়ের কারণে ইউরোপের কয়েকটি দেশ বিশ্বকাপ থেকে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে। করের এই জটিলতা অন্যান্য অঞ্চলের দেশগুলোর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ফিফা প্রতিটি দলের জন্য ১৫ লাখ ডলারের একটি নির্দিষ্ট পরিচালন বাজেট নির্ধারণ করেছে। তবে দলসংখ্যা ৪৮-এ বাড়ানোর কারণে দৈনিক ভাতা ২০২২ সালের ৮৫০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলারে নামানো হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও আবাসন ব্যয় বেড়েছে। তুলনায়, কাতার বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলকে কর ছাড় দিয়েছিল কাতার সরকার।
কর বিশেষজ্ঞ ওরিয়ানা মরিসন বলেন, উন্নত কর কাঠামো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি থাকা দেশগুলো কম খরচে অংশ নিতে পারবে, কিন্তু ছোট দেশগুলো বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়বে।

এই পরিস্থিতিতে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তিকে দুই দেশকেই (যুক্তরাষ্ট্র ও ব্রাজিল) নিজ আয়ের ওপর কর দিতে হবে। বিপরীতে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলকে শুধুমাত্র যুক্তরাজ্যে কর দিতে হবে। যদিও বাস্তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির অতিরিক্ত কর বহন করতে পারে, ছোট দেশগুলোর ক্ষেত্রে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রে কর্পোরেট করের হার ২১ শতাংশ এবং উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য আয়কর সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত।
এছাড়া অঙ্গরাজ্যভেদে করের হারও ভিন্ন। যেমন ফ্লোরিডায় কোনো অঙ্গরাজ্য কর নেই, কিন্তু নিউ জার্সিতে তা ১০.৭৫ শতাংশ এবং ক্যালিফোর্নিয়ায় ১৩.৩ শতাংশ পর্যন্ত।

পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ কানাডা ও মেক্সিকো সব দলের জন্য কর ছাড় দিয়েছে। ফলে যেসব দল এই দুই দেশে ম্যাচ খেলবে, তাদের করের বোঝা তুলনামূলক কম হবে।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ফিফা। তবে সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, কর সংক্রান্ত জটিলতা মোকাবিলায় তারা জাতীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

সূত্র- গার্ডিয়ান