ঢাকা | সোমবার, ৩ আগস্ট ২০২৬,১৯ শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ের সব স্টেকহোল্ডারকে দেশের স্বার্থে এক হতে হবে: নুরুল হক নুর

জুলাইয়ের সব স্টেকহোল্ডারকে দেশের স্বার্থে এক হতে হবে। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাষ্ট্র ও সমাজের প্রশ্নে সবাইকে অভিন্ন অবস্থানে থাকতে হবে। এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩ আগস্ট ) দুপুর ১২টায় ঢাকা কলেজের শহীদ এ.এন.এম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নুরুল হক নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত ঢাকা কলেজ ও সাত কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন দমাতে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ‘জামায়াত-শিবির’ তকমা দেওয়ার চেষ্টা করা হলেও তারা রাজপথ ছাড়েননি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর উসকানিমূলক মন্তব্য এবং ১৫ জুলাই ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাই আন্দোলনের টার্নিং পয়েন্টে পরিণত হয়।

তিনি কারাবন্দী অবস্থায় সাধারণ শিক্ষার্থী ও আহতদের ওপর নির্যাতন এবং চিকিৎসা-সংকটের প্রসঙ্গ তুলে রাজনৈতিক অঙ্গনে শালীনতা, মার্জিত ভাষা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের অসম্মান করা কিংবা কথায় কথায় ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মব জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে তরুণদের বিরত থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগের দেশে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, “তাদের ডেকে আনা মানে খাল কেটে কুমির ডাকার সমান।”

কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ ও জাপানে দক্ষ ও শিক্ষিত জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার পরিবর্তে বৈধ উপায়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ইউরোপে প্রায় এক কোটি কর্মীর চাহিদা তৈরি হবে। এ জন্য শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার আহ্বান জানান এবং সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে জানান। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষার ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের শুধু স্বল্প বেতনের চাকরিতে সীমাবদ্ধ না থেকে আইটি, রোবটিক্স, কর্পোরেট খাত ও ব্যবসা-বাণিজ্যে নিজেদের দক্ষতা গড়ে তুলতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।