জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঐতিহাসিক ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে প্রতীকী ম্যারাথন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম এর উদ্বোধন করেন। ম্যারাথনটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ফিনিশিং লাইনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিছুর রহমান, জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং দেশপ্রেমের এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী এবং ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্যসচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক।
ম্যারাথন প্রতিযোগিতায় শিক্ষক ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান, ছাত্র ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান বিভাগের রবিন আহমেদ, ছাত্রী ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আলম আরাবী এবং কর্মকর্তা ক্যাটাগরিতে হিসাব অফিসের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই তৎকালীন প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে। পরে ৩ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। মাভাবিপ্রবির জুলাই আন্দোলনের ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি স্মরণেই এ বছর প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় আইসিটি বিভাগে জুলাই রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় বিজিই বিভাগে জুলাই কুইজ প্রতিযোগিতা এবং একই সময়ে মাল্টিপারপাস ভবনের তৃতীয় তলায় সাইবার সেন্টারে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় জুলাই বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুর ১২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।






