ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮২ শতাংশ

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে (মানবিক) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবগুলো কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৪৫ শতাংশ।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বি’ ইউনিটে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০৪ জন।

প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ যাবতীয় তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।