ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

শিক্ষর্থীদের ভোটে ‘মির্জা আজম’ হলের নতুন নাম ‘বিজয় ২৪’

​জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলের নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে অনুষ্ঠিত মতামত প্রদানের ভোটে জয়ী হয়েছে ‘বিজয় ২৪’ নামটি। স্বৈরাচারী সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে এই নাম চূড়ান্ত করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাম ছিল জামালপুরের ঐতিহ্যবাহী ‘হযরত শাহ্জামাল (র.)’।

​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

​ফলাফলে দেখা যায়, মোট প্রদত্ত ৩৬৫টি ভোটের মধ্যে ‘বিজয় ২৪’ নামটি পেয়েছে ২৩০ ভোট। আর ‘হযরত শাহ্জামাল (র.)’ নামটি পেয়েছে ১৩২ ভোট। ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ফলে প্রশাসনিকভাবে এখন থেকে ছাত্র হলটি ‘বিজয় ২৪ হল’ নামেই পরিচিত হবে। খুব সিন্ডিকেটের মাধ্যমে নামটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​ভোটের চিত্র ও পরিসংখ্যান
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হলের মোট ভোটার সংখ্যা ছিল ৬৮৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন শিক্ষার্থী, যা মোট ভোটারের ৫৩ দশমিক শূন্য ৫ শতাংশ। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বিলম্বে বেলা ১১টায় ভোট শুরু হয় এবং চলে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত।

​বিভাগভিত্তিক ভোট দিয়েছেন —গণিত বিভগে ৭৩ জন, সমাজকর্ম বিভাগের ৬৬ জন, ব্যবস্থাপনা বিভাগের ৬২জন, সিএসই বিভগের ৪৭ জন ও ফিশারিজ বিভাগে ৩০ জন। ইইই বিভাগের একটি ব্যাচ শিক্ষাসফরে থাকায় তাদের ২৯ জন শিক্ষার্থী অনলাইনে ভোট দেন, বাকি ৩৩ জন সশরীরে ভোট দেন। নির্বাচনে তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকালে মাইকে প্রচারণা চালানো নিয়ে কিছু শিক্ষার্থী অভিযোগ তুললেও দিনভর পরিবেশ ছিল শান্তপূর্ণ ও উৎসবমুখর। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মী বা শিক্ষার্থী এই মতামতের ভোটে অংশ নিতে পারেননি। হল প্রশাসন আগেই জানিয়েছিল, অভিযুক্তরা ভোটের অযোগ্য বলে বিবেচিত হবেন।

​নাম পরিবর্তনের প্রেক্ষাপট
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্র হলটির নাম ছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের নামে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা এই নাম পরিবর্তনের দাবি তোলে। একইসঙ্গে মির্জা আজমের মায়ের নামে থাকা ছাত্রী হলের নাম পরিবর্তনেরও দাবি ওঠে। ছাত্রীদের সম্মতিতে ছাত্রী হলের নাম ‘অপরাজিতা হল’ করা হলেও ছাত্রদের হলের নাম নিয়ে মতভেদ দেখা দেয়। একপক্ষ ‘বিজয় ২৪’ এবং অন্যপক্ষ ‘হযরত শাহ্জামাল (র.)’ নাম প্রস্তাব করলে প্রশাসন গণভোটের সিদ্ধান্ত নেয়।

​শিক্ষার্থীদের উল্লাস ও দাবি
ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। তারা ‘বিজয় ২৪’ স্লোগানে প্রশাসনিক ভবন থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ছাত্র হল ঘুরে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
​এ সময় শিক্ষার্থীরা সুষ্ঠু সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তারা ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ আইন পাস ও নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘অফিশিয়ালি শিক্ষার্থীদের নেতৃত্ব নিশ্চিত করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।’

হলটির ভারপ্রাপ্ত প্রভোষ্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীকে আহ্বায়ক করে সাত বিভাগের ৭জন প্রতিনিধি শিক্ষকের মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন।এতে নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।