ঢাকা | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,২৭ কার্তিক ১৪৩৩

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে আট দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি গোডাইনসহ আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৫ অক্টোবর) উপজেলার নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আগুন প্রথমে বাজারের মুদি দোকানী মুছার দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অল্প সময়ের মধ্যেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে কোনো মালামালই সরাতে পারেননি।

স্থানীয়রা বালতি করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন একঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে সবার ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হলেন মোহাম্মদ মুছা, মো. সুজন, মো. সজিব, মাওলানা সাঈদ, মো. সাফা, আজিজুল হক, রাজিব ও মো. এহসান। তাদের মুদি, মিস্টি ও কমিউটার দোকানসহ দুইটি গোড়াউন রয়েছে।

ফকিরহাট বাজার ব্যববায়ী সমিতির সভাপতি আবু আহমেদ বলেন, ‘রাত দেড়টা নাগাদ হঠাৎ করে লোকজন আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। দৌড়ে আসার পর দেখি সব শেষ। ক্ষতিগ্রস্থ ব্যসায়ীদের কিছুই বাঁচানো যায়নি।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (এসও) কামাল উদ্দিন জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসময় আমরা অন্তত ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
খবর পেয়ে সোমবার (৬ অক্টোবর) সকালে অগ্নিদুর্গত বাজার পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তারা ক্ষতিগ্রস্থ দোকানীদের খোঁজ-খবর নেন এবং সম্ভব সব সহযোগীতার আশ্বাস দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষয়-ক্ষতি নিরূপনের কাজ করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ইতিমধ্যে পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে খাদ্যশষ্য, ঢেউটিন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি। তাছাড়াও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুরো বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে হতাশার ছায়া নেমেছে। অনেক ব্যবসায়ী আবার এটি নিচক কোনো সহিংশতা কি-না খতিয়ে দেখার আহবান জানিয়েছেন।