গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, ফায়ার ফাইটিংয়ের সময় সেখানে হঠাৎ আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিনজন ফায়ার-ফাইটার ও একজন অফিসারসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।







