ঢাকা | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ জেলায় ৯০০ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। এছাড়া আশপাশের জেলা থেকে পুলিশ সদস্যদের গোপালগঞ্জে আনা হয়েছে। সেনাবহিনী, র‌্যাব ও এপিবিএন সদস্যদের পাশাপশি আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে।

আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা বা উপজেলা সদর কেন্দ্রীক কোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঘোষণা করেনি। তবে গ্রামগঞ্জে দিবসটি তাৎক্ষণিকভাবে পালিত হতে পারে।

গোপালগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজের এক পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স) মোহাম্মদ আবদুল মাবুদ এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে পদস্থ কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন।

এ সভায় ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটি তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত অফিসার ও ফোর্সদের তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) (প্রশাসন) মো. সারোয়ার হোসেন জানিয়েছেন, ১৫ আগস্ট সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যতটুকু থ্রেট আছে, সেটি মোকাবিলা করার মতো পর্যাপ্ত পুলিশ রয়েছে। এপিবিএন, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকছে ।

ওই কর্মকর্তা আরো জানান, ১৫ আগস্ট উপলক্ষে জেলা বা উপজেলা সদর কেন্দ্রীক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো কর্মসূচি নেই। গ্রামগঞ্জে তাৎক্ষণিকভাবে কর্মসূচি পালিত হতে পারে বলে আমাদের কাছে খবর আছে। এ বিষয়েও আমরা সজাগ দৃষ্টি রাখছি।