ঢাকা | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশীরাও

সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশী। জীবনের ঝুঁকি নিয়ে যারা ইউরোপের এই দেশটিতে পাড়ি জমান, তাদের একটি বড় অংশকে থাকতে হয় পালিয়ে। আবার অনেকের জায়গা হয় ইতালির বিভিন্ন ডিটেনশন সেন্টারে।

তবে এবার ইতালিতে যেতে আগ্রহীদের জন্য মিলেছে সুখবর। নতুন আইন অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত অন্তত ৫ লাখ কর্মী নেবে দেশটি। উন্নত এই দেশটিতে কাজের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের। ২০২৭ ও ২০২৮ সালে কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেয়া হবে।

ইতালিতে বিদেশী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ ক্ষেত্রে ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশী কর্মী নিয়োগে আগ্রহী হলে, তাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের সময় কর্মীর পরিচয় ও চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে কর্মীকে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এদিকে আইএলওর অর্থায়নে ঢাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে ইতালীয় ভাষা ও বিভিন্ন পেশাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ। যেখানে ভাষা শেখার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে সরাসরি ইতালি যাওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হোস্টেল সুপার মুহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘আমাদের এখানে বর্তমানে চারটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ট্রেডে ২০ জন করে শিক্ষার্থী নেয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষা শিক্ষার প্রশিক্ষণও সম্পন্ন করেছে।’

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইতালি সরকারের এই নতুন উদ্যোগের সুফল পেতে পারেন বাংলাদেশীরা। তবে এক্ষেত্রে সঠিক প্রস্তুতি প্রয়োজন।

এদিকে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘দক্ষতা বৃদ্ধির বিষয়টিতে আরও গুরুত্ব দেয়া দরকার। ধীরে ধীরে এমন প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে খুব উচ্চপর্যায়ের দক্ষতার প্রয়োজন হবে না, তবে ইতালি বা ইউরোপে কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম দক্ষতাগুলো অর্জন করা যাবে। প্রয়োজনে এ বিষয়ে ইতালির দূতাবাসের সঙ্গেও আলোচনা করা যেতে পারে। কারণ, ইতালি চায় বাংলাদেশীরা সেখানে ভালো কাজের সুযোগ পাক। ইতোমধ্যে বাংলাদেশীদের একটি সুনাম তৈরি হয়েছে। তারা বাংলাদেশীদের পছন্দ করে এবং ভালোবাসে।’

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।