টানা ভারী বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট ও আশপাশের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলোতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। দোকানপাট খুলতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ঢাকা কলেজের সামনের সড়কেও পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট ও সংলগ্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিতে গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের আশপাশের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ মার্কেটের সামনের সড়ক পানিতে ডুবে থাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। মিরপুর সড়কের বিভিন্ন অংশ হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি সড়ক ও মার্কেটের ফুটপাত পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
পথচারী রায়হান উদ্দীন বলেন, ‘নিউমার্কেটে এসে জলাবদ্ধতার কারণে রাস্তা পার হয়ে অপর পাশে যেতে পারছি না। পানির মধ্যে হাঁটাচলা করা খুবই কষ্টকর। তাই রিকশা খুঁজছি।’
তিনি আরও বলেন, ‘পানি নিষ্কাশনের লাইনগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে আছে। নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার রাখা হলে দ্রুত পানি নেমে যেত।’
ঢাকা কলেজের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, ‘একটু বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জমে থাকা পানির বেশিরভাগই ড্রেনের ময়লা পানি। এতে আমাদের নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কলেজ প্রশাসন বা সিটি করপোরেশনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
ঢাকা কলেজের সামনে জলাবদ্ধতার বিষয়ে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের বাইরে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের। এ সমস্যা সমাধানের জন্য আমরা আজই সিটি করপোরেশনকে চিঠি দেব।’







