ঢাকা | বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,১৮ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজায় অংশ নিবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জানা যায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।