ঢাকা | বুধবার, ২৪ জুন ২০২৬,১০ আষাঢ় ১৪৩৩

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

মহান দেশপ্রেমিক যুদ্ধে নিহত লক্ষ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নের ওপর নাৎসি আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকা ‘স্মরণ ও শোক দিবস’ পালন করেছে।

২১ ও ২৩ জুন অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশে রুশ স্বদেশি সংগঠন ‘রোদিনা’, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SAAB), লিবারেশন ওয়ার একাডেমি ট্রাস্টের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন।

২১ জুন রাশিয়ান হাউস ইন ঢাকায় এবং ২৩ জুন তেজগাঁও কলেজে অনুষ্ঠিত স্মরণসভায় আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশনার মাধ্যমে যুদ্ধকালীন প্রজন্মের সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তার স্মৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ‘ক্যান্ডেল অব মেমোরি’ কর্মসূচির মাধ্যমে যুদ্ধের সময় নিহত সৈনিক ও বেসামরিক নাগরিকদের স্মরণ করা হয়। এছাড়া মিউজিয়াম অব ভিক্টরি-এর প্রদর্শনী “22.06.1941. Tragedy. Courage. Feat.”-এর ভিত্তিতে বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়, যেখানে মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের ঘটনাবলি এবং সোভিয়েত জনগণের বীরত্ব তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা ব্রেস্ট দুর্গের প্রতিরক্ষা নিয়ে নির্মিত রুশ চলচ্চিত্র ‘ব্রেস্ট ফোর্ট্রেস’ উপভোগ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের তৈরি কাগজের সারস পাখি দিয়ে নির্মিত ‘ওয়াল অব মেমোরি’ যুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

আয়োজকদের মতে, এসব কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, পূর্বসূরিদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তি, পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক বন্ধুত্বের মূল্যবোধকে পুনর্ব্যক্ত করা হয়েছে।