ঢাকা | রবিবার, ২৪ মে ২০২৬,১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নালিতাবাড়ীতে টর্নেডোর আঘাতে বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছ চাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাত্র দেড় থেকে দুই মিনিটের এই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হচ্ছিল। সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে হঠাৎ করেই নালিতাবাড়ীর ওপর দিয়ে তীব্র গতিতে টর্নেডো বয়ে যায়। মাত্র কয়েক মিনিটের এই ঝড়ে নন্নী পশ্চিম পাড়া গ্রামে একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেগম গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

টর্নেডোটি মূলত উপজেলার যোগানিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া ও হাতিপাগারসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের আঘাতে এসব এলাকার অন্তত ৫০টি কাঁচা ও টিনশেড ঘরের চাল উড়ে গেছে। শতশত গাছ উপড়ে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় তিনি ঘরেই বসা ছিলেন। হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল তার পাকা বাড়িটিই উড়িয়ে নিয়ে যাবে। ঝড় থামার পর বাইরে বেরিয়ে তিনি দেখেন, আশপাশের বেশ কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে আছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক এই ঝড়ে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রক্রিয়া চলছে।