ঢাকা | মঙ্গলবার, ১২ মে ২০২৬,২৯ বৈশাখ ১৪৩৩

বিকলাঙ্গ অর্থনীতিকে সচল করতে কাজ করছেন সরকার: আব্দুল মালিক

পতিত সরকারের রেখে যাওয়া বিকলাঙ্গ অর্থনীতিকে সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক।

তিনি বলেন, দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময়ে প্রবাসীদের সংগঠন ‘আত্ম-তাকওয়া’ প্রকল্পের আওতায় কারিগরি ও টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন একটি অনন্য, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

মঙ্গলবার বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় ‘আত্ম-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংকটময় পরিস্থিতিতে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রবাসীদের উদ্যোগে এই কারিগরি ও টেকনিক্যাল শিক্ষার প্রসারে নতুন আশার আলো দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওরসহ প্রকল্প সংশ্লিষ্টদের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রকল্পের সহ-সভাপতি ছানাওর আহমদ সিতাবের সভাপতিত্বে এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু ও প্রকল্পের প্রচার সম্পাদক ও সাংবাদিক শাহ হেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, আত্ম-তাকওয়া প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহ-সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আত্ম-তাকওয়া প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহ-সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম প্রকল্পের উন্নয়ন ও আধুনিকায়নের স্বার্থে প্রকল্প এলাকায় রাস্তা নির্মাণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। এ বিষয়ে সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ম-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি মাতৃসদন ক্লিনিকের কাজ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ওই ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।