ঢাকা | মঙ্গলবার, ১২ মে ২০২৬,২৯ বৈশাখ ১৪৩৩

১২ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল কাদের ফকিরকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে ধুনট থানা পুলিশ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ পৌর শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতি গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে।

‎মামলা সূত্রে জানা যায়, উপজেলার যুগিগাঁতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ফকির তার মেয়ে বেগম খাতুনকে একই ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সাথে বিয়ে দেয়। মহরম আলী চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে। তার পরিবারে কেউ না থাকায় আব্দুল কাদের মাঝে মাঝে মহরম আলীর বাড়িতে এসে ঘরবাড়ি দেখা শোনা করেন।

ঘটনার দিন ৩ এপ্রিল আব্দুল কাদের তার জামাই মহরত আলীর বাড়ীতে এসে মহরম আলীর প্রতিবেশী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেনী পড়ুয়া ১২ বছর বয়সী শিশুকে নাতনী সম্মোধন করে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নেন। শিশুটি ঘরে প্রবেশ করলে মহরম আলীর শশুর যুগিগাঁতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ফকির শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

পরে ৩ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে আব্দুল কাদের ফকিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। যদিও ঘটনার পরেই গা ঢাকা দেন অভিযুক্ত আব্দুল কাদের। পরে ১ মাসের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে আব্দুল কাদের ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, র‌্যাব ১২ সহযোগিতায় আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।