মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় এ পুশইনের ঘটনা ঘটে।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের স্থানীয়দের জিম্মায় ছেড়ে দিয়েছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতবর জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনের ওই দলটিকে বৃহস্পতিবার গভীর রাতে মুরইছড়া সীমান্ত এলাকায় পুশইন করে বিএসএফ। পরদিন সকালে বিজিবির একটি টহল দল ওই এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে আটক করে।
তিনি আরও জানান, বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।
পরবর্তীতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের সদস্যরা আটক বাংলাদেশিদের কুলাউড়া থানায় হস্তান্তর করেন। থানায় এনে আরেক দফা জিজ্ঞাসাবাদের পর তাদের স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।






