ঢাকা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,১২ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামে ১৬ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৩ জন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাবে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মমেক হাসপাতালের হাম মেডিক্যাল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৮২৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২০ শিশু হাসপাতাল ছাড়ে। এখন পর্যন্ত মোট ৭২২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘ফেব্রুয়ারি থেকে অল্প সংখ্যক রোগী ভর্তি হলেও ১৭ মার্চের পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলায় ২৪ মার্চ থেকে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ৬৪ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।’

বর্তমানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।