জুড়ী উপজেলার কৃতি সন্তান হাবিবুর রহমান খান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি হিসেবে দ্বিতীয় ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই সাফল্যে জুড়ী উপজেলাসহ মৌলভীবাজার জেলায় ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটবল রেফারিংয়ের সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাবিবুর রহমান খান। বাফুফের নির্ধারিত প্রশিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে তিনি দ্বিতীয় ক্যাটাগরির রেফারি হিসেবে উত্তীর্ণ হন, যা তাঁর ক্রীড়া জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় ক্রীড়া সংগঠক ও সচেতন মহল মনে করছেন, তাঁর এই অর্জন জুড়ী উপজেলার তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি এটি স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্যও একটি গর্বের বিষয়।
হাবিবুর রহমান খান তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি সবসময় চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে কাজ করে যেতে চাই।’ তিনি এ সাফল্যের জন্য তাঁর পরিবার, প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে তাঁর এই অর্জনে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেফারি হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখবেন।






