ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলি করে হত্যা: গ্রেপ্তারের আলটিমেটাম

রাজশাহীতে গোলাম মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে হত্যার ঘটনায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) পৌনে ৬টার দিকে নগরের খোঁজাপুর গোরস্থান মোড়ে এই কর্মসূচি পালন করেন সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের মানুষ। জানাজা ও দাফন শেষে এই কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার না হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন মতিহার থানা জামায়াতের আমির আব্দুল ওয়াদুদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি মোক্তার হোসেন, মতিহার থানা জামায়াতের যুব বিভাগের সভাপতি আফজাল হোসেন এবং মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বলেন, হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে তারা থানা ঘেরাও করতে বাধ্য হবেন, তবে এই সময় পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের ডাঁশমারী খোঁজাপুর কবরস্থানের প্রাচীরের পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হন গোলাম মোস্তফা। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আজ রোববার সকালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. উকিল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল মোল্লা ও শিহাব ইসলামকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী নাদেরা বেগম।