ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা : ইসি

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি দাবি করে ইসি আনোয়ারুল বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।  এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে এই জোট।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

এদিকে শেরপুর-৩ আসনের ব্যাপারে এখনও ইসি সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশন (ইসি) আজই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেতে পারে বলে জানান তিনি। বলেন, কমিশন আজই চিঠি পেতে পারে। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।