ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ কার্যক্রম। জরিপ ছাড়াও নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে নানাভাবে হিসাব নিকাশ করার চেষ্টা করছে। বিভিন্ন গণমাধ্যমে করছে নানা হিসাব-নিকাশ।
তবে বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ ও সাধারণ ভোটারদের মতামত পর্যালোচনা করে দেখা যায়, রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনের মধ্যে অধিকাংশ আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে হলেও দু’একটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে। জাতীয় পার্টির দুর্গ বা ঘাঁটি খ্যাত রংপুর বিভাগের সংসদীয় আসনগুলোতে মূলত বিএনপির সাথে জামায়াতে ইসলামীর হাড্ডাহাড্ডি লড়াই হবে।
একটি নির্ভরযোগ্য তথ্য ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উত্তরের জেলা পঞ্চগড়-১ আসনে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী। পঞ্চগড়-২ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী সফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও-১ আসনে জয়লাভের সম্ভবনা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঠাকুরগাঁও-২ আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের।
বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও-৩ আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুরের ছয়টি আসনের মধ্য থেকে চারটি আসনেই বিএনপির জয়লাভ সম্ভবনা রয়েছে।
দিনাজপুর-৪ আসনে জামায়াতের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি। আর দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এ কেএম কামরুজ্জামান বিজয়ী হতে পারেন। নীলফামারীর চারটি আসনের মধ্যে একটি করে আসনে বিএনপি ও জামায়াত নিশ্চিত জয় পারে। একটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপর আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে।
লালমনিরহাটের তিনটি আসনের মধ্যে দুইটি বিএনপির পাওয়ার সম্ভাবনা আছে। একটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও বিএনপির মধ্যে। রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটি বিএনপি, দুইটি জামায়াত ও একটিতে জাতীয় পার্টির জয়লাভের সম্ভাবনা আছে। কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে বিএনপির তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে, অপর আসনে (কুড়িগ্রাম-১) বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও হাত পাখার মধ্যে চতুর্মুখী লড়াই হবে।
গাইবান্ধার পাঁচটি আসনে ১টি আসনে বিএনপি এবং ২টি আসনে জামায়াত ইসলামী এগিয়ে আছে। একটি আসনে জামায়াত অথবা জাতীয় পার্টির যে কেউ জয়লাভ করতে পারেন। অপর আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছে। কোন প্রার্থী এগিয়ে বা কার সাথে কার হাড্ডাহাড্ডি লড়াইয়ের হিসার নিকাশ করা হউক না কেন তা কোন কাজে নাও আসতে পারে। তবে ভোটারদের ভোটাধিক প্রয়োগের মাধ্যমে প্রকৃত ফলাফল জানা যাবে, সে জন্য আমাদের অপেক্ষা করতে হবে।







