ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতন্ত্রের এই বড় উৎসবকে ঘিরে এখন দেশজুড়ে সাজ সাজ রব, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহীতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

আজ বুধবার সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে ২-সদর আসনের ভোটকেন্দ্রগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ ভোটাভুটির প্রয়োজনীয় সব সামগ্রী। সরঞ্জামগুলো বুঝে নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও র‍্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

রাজশাহী-২ (সদর) আসনের ভোটারদের মাঝে এখন কেবলই ভোটের অপেক্ষা। এবারের নির্বাচনে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিজানুর রহমান মিনু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর (দাঁড়িপাল্লা), নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম (কেতলি), এবি পার্টির মু. সায়ীদ নোমান (ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করীম (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মোঃ মেজবাউল ইসলাম (ছাতা), এলডিপির মোঃ ওয়াহেদুজ্জামান (ছাতা), এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (মোটরসাইকেল) ও মোঃ শাহাবুদ্দিন (একতারা)।

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী সদরের সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হিসেবে কার ওপর আস্থা রাখেন।