আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে বার বার বাধা দেয়া হয়েছে। আমরা একমাত্র ছাত্র সংগঠন, যারা সচিবালয়ে যাইনি, কোনো অধিদফতরে যাইনি।
রবিবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তাদেরকে নির্বাচন করতে দিয়ে নির্বাচন প্রশাসন পক্ষপাতিত্ব করেছে, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ৫ আগসটের পরও যারা গুপ্ত রাজনীতি করে যাচ্ছে তারাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা করেছে। পরে তারাই আবার প্রকাশ্যে এসেছে। তারা ঢাবির মাটিতে রাজাকার শব্দকে ভুলভাবে উপস্থাপন করেছে। টিএসসিতে স্বীকৃতি রাজাকারদের ছবি টানিয়েছে।
তিনি বলেন, সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের বার বার হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। রোকেয়া হলের বিভিন্ন গ্রুপে ছাত্রদলের মেয়েদের হেনস্থা করা হয়েছে। রোকেয়া হল ছাত্রলীগের নেত্রী আতিকাকে যেভাবে বের করা হয়েছে আমাদের মেয়েদের নাকি সেভাবে হেনস্থা করা হবে৷ প্রশাসনকে বলব আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন৷
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, আপনাদের করা অভিযোগ কোন অভিযোগের মধ্যেই পড়ে না। আমরা সুশৃঙ্খলভাবে কুশল বিনিময় করে যাচ্ছি ৷ আমরা প্রচারণা শুরুই করিনি, এতেই তাদের এই অবস্থা।






